প্রকাশনার ১০ বছর

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭৫

দৈনিক জনপদ
প্রকাশিত 16 September, Wednesday, 2026 02:29:37
খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭৫

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে আরও ২৭৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৭৫ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৩৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৪১ জন ভর্তি হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১৩২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন এবং বাগেরহাটে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে খুলনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮০৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৫৯৭ জন। বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ৯৫৮ জন রোগী চিকিৎসাধীন আছেন এবং অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ২২৩ জনকে।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিভাগে ডেঙ্গুতে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২০ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৫ জন খুলনা জেলায় মারা যান। এছাড়া যশোর ও বাগেরহাটে দুইজন করে মারা গেছে।