খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে খুলনা জেলায় দুইজন এবং বাগেরহাটে একজন রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি হওয়া ২৯০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছেন। জেলাভিত্তিক আক্রান্তের তালিকায় সবচেয়ে বেশি রোগী খুলনা জেলায়-১৩৯ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৬৬ ও বেসরকারিতে ৭৩ জন রয়েছে।
এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, যশোরে ২৫ জন, বাগেরহাটে ১৮ জন, সাতক্ষীরায় ১৬ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে ১০ জন করে, নড়াইলে ৭ জন, চুয়াডাঙ্গায় ৪ জন এবং মাগুরা ও মেহেরপুরে ২ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৯ জনে। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২০ জন মারা গেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ জন খুলনা জেলা হাসপাতালে। এ ছাড়া বাগেরহাটে ৩ জন ও যশোরে ২ জন মারা গেছেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং ২২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।