চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাউজান ইউনিয়নের জুরুরকুল বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাউজান এলাকার জুরুরকুল বাজারে স্থানীয় কালু মিয়ার খড়ের গাদার পাশে একটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১০টার দিকে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। পরবর্তীতে বর্ণিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তা রাউজান থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।