চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশায় থেকে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মুহাম্মদ রাহাত (৩)। সে উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ির প্রবাসী রুবেলের ছেলে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মুহাম্মদ রিদওয়ান হাসান জানান, রুবেল তার ছেলে রাহাত ও পরিবারের সদস্যদের নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদের বাসায় বেড়াতে যান। সেখান থেকে অটোরিকশাযোগে ফেরার পথে মদিনা টাওয়ারের সামনে শিশুটি মায়ের কোল থেকে সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।