প্রকাশনার ১০ বছর

৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটের ডিআইজি বদলি, আসছেন জিললুর রহমান

দৈনিক জনপদ
প্রকাশিত ০৫ মে, মঙ্গলবার, ২০২৬ ২১:১৬:৪২
সিলেটের ডিআইজি বদলি, আসছেন জিললুর রহমান

সিলেটের ডিআইজি পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিআইজি হয়ে আসছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর কমিশনার মো. জিললুর রহমান।

অপরদিকে, সিলেটের বর্তমান ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

পৃথক আরেক প্রজ্ঞপনে ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এতে, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-কে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলাম-কে মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আরএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি মো. আশিক সাঈদকে। বিদায়ী বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সানা শামীনুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

জেলা পর্যায়েও বড় পরিবর্তন আনা হয়েছে। পঞ্চগড়ের নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন এপিবিএন-২-এর মো. মিজানুর রহমান। জয়পুরহাটের দায়িত্ব পেয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম এবং পাবনার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মফিজ উদ্দিন। এছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি এবং ফেনী জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।