রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে ইঞ্জিনে ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে বারোটার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি জানান, রাত পৌনে বারোটার দিকে বসিলা রডের জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব -১১-৯৪২১) হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, মিডলাইন বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এই বাসটির দিনে মেরামতের কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে।